মাগুরায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালন, শ্রমিক নিরাপত্তায় জোর

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ১, ২০২৬, ০১:০৪ পিএম

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান। তিনি উল্লেখ করেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের যৌথ দায়িত্ব। টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। তিনি বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকি জোরদার করতে হবে। এছাড়া শ্রমিকদের প্রশিক্ষণ ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

মাগুরার পুলিশ সুপার অনুষ্ঠানে জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন। নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং কর্মস্থলে ঝুঁকি কমানোর বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা প্রশাসন ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর