ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে বিপুল পরিমাণ সরকারি ওষুধ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:২৮ পিএম

জামালপুরের ইসলামপুরে একটি ডোবার পানিতে সরকারি ওষুধের বিপুল মজুদ ভাসতে দেখা গেছে। উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সরকারি স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দকৃত এসব ওষুধ রোগীদের না দিয়ে ডোবায় ফেলে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার সরেজমিনে দেখা যায়, ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় প্রচুর পরিমাণ সরকারি ওষুধ ভাসছে। 

ইতোমধ্যে এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে। রোগীদের জন্য আসা এই বিপুল ওষুধ কীভাবে এবং কেন ডোবায় এলো, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিকেলে তারা প্রথম ডোবায় ওষুধগুলো ভাসতে দেখেন। তাদের দাবি, তারা ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা বা ওষুধ পান না। ক্লিনিকটি অধিকাংশ সময় বন্ধ থাকে এবং খোলা থাকলেও দায়িত্বরতরা ওষুধ নেই বলে রোগীদের বিদায় করে দেন। স্থানীয়দের ধারণা, যথাযথ সময়ে বিতরণ না করায় ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, যার ফলে ক্লিনিক কর্তৃপক্ষ সেগুলো গোপনে ডোবায় ফেলে দিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মিস্টার জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, পানিতে ওষুধ ভাসার বিষয়টি আমরা শুনেছি। এই ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর