জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আগামীতে 'স্বাস্থ্য কার্ড' প্রদানের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দেশের সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা ভাবা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের সাথে মিশে কাজ করতে।
হাসপাতালগুলোর সেবার মান নিয়ে মন্ত্রী উল্লেখ করেন, জনগণের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে দেশের হাসপাতালগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে। চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন এবং ড্যাবের মানবাধিকার বিষয়ক সহসম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্রের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহসভাপতি এম রতন হায়দার, মন্ত্রীর সহধর্মীনি ডা. রেশমা আনাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এবং ওসি এ কে এম ফজলুল হক।
এর আগে মন্ত্রী মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর