জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক কার্ডের আওতায় কৃষকদের জন্য ঘোষিত ১০টি বিশেষ সুবিধা ও কৃষি ঋণ মওকুফ বিষয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামালপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে নানা বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সুবিধার আওতায় আনা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন। সমাবেশে কৃষকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এএন