সাপাহারে ৫০ লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:২২ পিএম

নওগাঁর সাপাহার বাজারে ‘হাট বাজার উন্নয়ন’ প্রকল্পের আওতায় আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

সাপাহার উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং হাট বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটিতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮০৯ টাকা। আরসিসি পদ্ধতিতে সড়কটি নির্মিত হলে এর স্থায়িত্ব ও মান উন্নত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিত্তিপস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকার সড়কটির বেহাল দশা ছিল। সামান্য বৃষ্টিতে বা ভারী যান চলাচলের কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো। আরসিসি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজার এলাকায় যানজট নিরসন হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

জেএইচআর