পিরোজপুরে মৎস্যচাষিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ৬ ও ৭ মে পিরোজপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।
দুই দিনব্যাপী এই কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রদর্শনী ও সহযোগী চাষিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক মাছ চাষ পদ্ধতি, বিশেষ করে ‘গলদা-কার্প মিশ্র চাষ’, পুকুর প্রস্তুতকরণ, উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য ও সার ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিকার বিষয়ে চাষিদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান। তিনি বলেন, সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ের চাষিদের মাঝে আধুনিক প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়া। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দেশের মৎস্য সম্পদে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
পিরোজপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. মহসিন, বরিশাল বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান এবং পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।
প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী চাষিদের মাঝে মৎস্য চাষের কারিগরি নির্দেশিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ও উপজেলা মৎস্য বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষনার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে লাভবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর