রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে অবৈধ ‘ধলতা’ আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ ক্রয়ের সময় ধলতা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযানে সমাধিনগর বাজারের ব্যবসায়ী অর্জুন মণ্ডল এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ধলতা আদায়ের অভিযোগে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের ধলতা আদায় থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
তিনি বলেন, “কৃষকের ন্যায্য অধিকার রক্ষায় বাজারে ধলতা আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এছাড়া বাজারে আনা কৃষিপণ্যের নেট ওজনের ভিত্তিতে সঠিক মূল্য নির্ধারণ ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএন