পাবনার ঈশ্বরদীতে একটি ওয়ান শ্যুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রব (৫৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
রোববার রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আটক আব্দুর রব দীর্ঘদিন ধরে মাটি ও বালুর ব্যবসার আড়ালে মাদক কারবার পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করে আসছিলেন তিনি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রবের বসতঘরে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, শর্টগানের কার্তুজ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত আছে তা জানা যাবে। এ বিষয়ে আইনগত মামলা প্রক্রিয়াধীন।
এএন