উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে নীলফামারী পৌরসভা

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:৩৬ পিএম

দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে মাত্র এক বছরের ব্যবধানে আধুনিক রূপ পেয়েছে নীলফামারী পৌরসভা। প্রশাসক মো. সাইদুল ইসলামের বিশেষ উদ্যোগে বড় মাঠের সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিনোদন কেন্দ্র নির্মাণের ফলে বদলে গেছে শহরের চিরচেনা দৃশ্য।

শহরের বড় মাঠকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। চারপাশে বসার জায়গা, গাছপালা রোপণ এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যায়ামাগার নির্মাণ করা হয়েছে। 

শিশুদের জন্য জেলায় প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে 'পৌর শিশু পার্ক'। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য শহীদ মিনার প্রাঙ্গণে তৈরি হয়েছে আকর্ষণীয় উন্মুক্ত মঞ্চ।

শহরের জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে অলিগলিতে কর্মী নিয়োগ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে। 

এছাড়া স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে আধুনিক কসাইখানা এবং পৌরভবনের পাশে ১৮ কোটি টাকা ব্যয়ে ছয় তলা বিশিষ্ট আধুনিক শপিংমল নির্মাণের কাজ শুরু হয়েছে।

পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং শহর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের নির্দেশনায় নীলফামারীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। শহরের বাসিন্দারা এই দৃশ্যমান পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন।

জেএইচআর