ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে অ্যাকাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “এআই টুলস অ্যান্ড রেজাল্ট প্রিপারেশন উইদ কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম ম্যাপিং” শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ওয়াশিংটন অ্যাকর্ডের সদস্য হওয়ার ফলে বাংলাদেশি প্রকৌশলীদের ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি ও বিশ্ববাজারে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে ইঞ্জিনিয়ারিং অ্যাক্রেডিটেশন অর্জনে এআই টুলসের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বর্তমানে এআই ও মেশিন লার্নিং প্রযুক্তি অ্যাকাডেমিক ক্ষেত্রে কোর্স আউটকাম (CO) ও প্রোগ্রাম আউটকাম (PO) ম্যাপিংয়ের কাজকে অনেক সহজ ও নির্ভুল করেছে।
উপাচার্য জানান, ডুয়েটের বিভিন্ন বিভাগের অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুতই এসব বিভাগের আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মশালায় অর্জিত জ্ঞান দেশ-বিদেশের গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান যুগে প্রচলিত ফলাফলভিত্তিক পদ্ধতির চেয়ে ‘আউটকাম বেইজড’ বা ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থা বেশি কার্যকর। আন্তর্জাতিক মানের প্রকৌশল ডিগ্রি নিশ্চিত করতে সিও-পিও ম্যাপিং বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল রাসেল। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
জেএইচআর