মধুপুরে ২ মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: মে ১২, ২০২৬, ০১:০৩ পিএম

টাঙ্গাইলের মধুপুরে ২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী মসজিদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২) এবং একই গ্রামের জোয়াদ আলীর ছেলে মো. জাহিদ (২৫)-কে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জানান, রাতে মাদক সেবন ও বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় তাদের মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)খ লঙ্ঘনের ৩৬(১)(৮) ধারায় তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, এরা দুজনই এলাকায় মাদক বহনকারী, ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে। মাদকবিরোধী এসব অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এএন