আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ইমাম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৩:৫১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হওয়া মসজিদের এক ইমামকে ধরে এনে গাছে বেঁধে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। 

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক ইমাম মো. আক্তার হোসেন (৩১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জালালপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে এবং গহরদী ফাঁকা বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মে ইমাম আক্তার হোসেন একই এলাকার দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে উধাও হন। দুই দিন পর ওই নারীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন।

আজ সকালে ইমাম আক্তার হোসেন ওই নারীকে মোবাইলে ক্ষুদে বার্তা (SMS) পাঠিয়ে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গোপালদী বাজারে আসতে বলেন। বিষয়টি পরিবারের লোকজনের নজরে এলে তারা কৌশল অবলম্বন করেন এবং নির্ধারিত সময়ে গোপালদী বাজার সিএনজি স্ট্যান্ডে অবস্থান নেন।

ইমাম আক্তার হোসেন সিএনজি যোগে বাজারে নামামাত্রই ওত পেতে থাকা স্থানীয়রা তাকে আটক করে এলাকায় নিয়ে আসে। পরে তাকে একটি গাছে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) বাসেদ জানান, অভিযুক্ত ইমাম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর