টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার দেওয়াকুটি মৌজায় পরিচালিত এই অভিযানে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ বালুবাহী একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাকুটিয়া এলাকার শওকত আলীর ছেলে মাসুদ রানা অবৈধভাবে বালু পরিবহন করার সময় হাতেনাতে আটক হন। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়ক ও পরিবেশ আইন অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছে, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা জানান, অবৈধ বালু পরিবহনের ফলে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এই অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
জেএইচআর