মা নেই, বাবাও গুরুতর অসুস্থ। অভাবের সংসারে তাই ছোট্ট কাঁধেই এসে পড়েছে বড় দায়িত্ব। জীবিকার তাগিদে বাবার ভ্যান চালিয়ে সংসারের হাল ধরার চেষ্টা করছে শিশু লামিয়া।
বরিশালের উজিরপুর উপজেলার এই হৃদয়স্পর্শী ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। পরে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উজিরপুর উপজেলার গরিয়া নতুনহাট ডিসি বাড়ি এলাকার বাসিন্দা লামিয়ার মা অনেক আগেই মারা গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা আল মাহমুদ অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। উপায় না পেয়ে বাবার ভ্যান নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয় ছোট্ট লামিয়া।
মঙ্গলবার লামিয়ার ভ্যান চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে শিশুটির জীবনযুদ্ধের কঠিন লড়াই দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন হাজারো মানুষ।
ভিডিওটি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটির খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় তিনি ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, লামিয়ার এই জীবনযুদ্ধ ও অদম্য সাহস সমাজের মানুষের কাছে একটি মানবিক বার্তা পৌঁছে দিয়েছে। তারা সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এই অসহায় পরিবারটির টেকসই পুর্নবাসনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জেএইচআর