চুয়াডাঙ্গায় আগামী ২০ মে থেকে আনুষ্ঠানিকভাবে হিমসাগর আম সংগ্রহের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বুধবার দুপুরে শহরের মহিলা কলেজপাড়ার একটি আম বাগান থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম পাড়ার মাধ্যমে চলতি মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের কাছে পরিপক্ক ও নিরাপদ আম পৌঁছে দিতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ মে থেকে জনপ্রিয় হিমসাগর আম সংগ্রহের মাধ্যমে বিশেষ জাতের আম পাড়া শুরু হবে। এরপর ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি এবং ১৫ জুন থেকে ফজলি আম সংগ্রহ করতে পারবেন চাষিরা। জুনের শেষার্ধে ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা এবং ৩০ জুন থেকে আশ্বিনা ও বারি-৪ জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া জুলাই মাসের ৫ তারিখ থেকে কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহের মধ্য দিয়ে চলতি মৌসুমের আম পাড়া শেষ হবে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শমীম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক শাহ আলম সনি উপস্থিত ছিলেন।
এছাড়াও আম চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদারসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীবৃন্দ সেখানে অংশগ্রহণ করেন।
জেএইচআর