নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৩:২৫ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে পুলিশি অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাথুরা এলাকায় নাগরপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাথুরা এলাকার আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) এবং মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। রাজিবের কাছ থেকে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসআই রাকিব কায়নার শুভর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রাথুরাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকসেবীদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের এই কারবারের সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেএইচআর