গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোররাত পৌনে ২টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলায় অভিযান চালায়। অভিযানে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে মিন্টু মিয়া নামের এক যুবকের মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ৫৬৫ পিস ইয়াবা উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
সেই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামি এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জেএইচআর