অলি আহমদ

বাংলাদেশকে অস্থিতিশীল করতে পদক্ষেপ নিচ্ছে ভারত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৮:০৬ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি অতীত প্রসঙ্গ টেনে দাবি করেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছিল এবং তা নিয়ন্ত্রণে তখনকার ভারতীয় নেতৃত্ব ভূমিকা রেখেছিল।

শনিবার রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ কমানো এবং পদ্মা নদীর পানির ন্যায্য বণ্টনের দাবি তুলে ধরা হয়। এসব প্রসঙ্গে অলি আহমদ বলেন, বিদেশি প্রভাবশালী গোষ্ঠীর কারণে দীর্ঘ সময় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের চিহ্নিত করার প্রয়োজন রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে উত্তেজনা তৈরি করছে এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বড় বিনিয়োগ কমে যাচ্ছে এবং কিছু প্রতিষ্ঠান কার্যক্রম সংকুচিত করছে, যা কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন।

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেন।

এম জি