প্রবাসীকল্যাণমন্ত্রী

দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০১:১৮ এএম

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে।

শনিবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে সিলেটের উন্নয়ন, বিশ্বায়ন এবং প্রবাসীদের বিনিয়োগ ও রেমিট্যান্সের অবদান নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী সিলেটের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের বিনিয়োগ সহজ ও নিরাপদ করতে বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প নেওয়া হচ্ছে। দেশে জমির সংকট বিবেচনায় ভবিষ্যতে প্লটের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। শুধু প্রবাসীদের জন্য বরাদ্দ থাকবে-এমন আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।

মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এতে তারা দেশে বিনিয়োগে আগ্রহী হবে এবং পারিবারিক সম্পর্কও আরও দৃঢ় হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য স্থায়ী অ্যাম্বুলেন্স সেবা চালুর কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি। বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে।

সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম জি