জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুড়াইল সরদারপাড়া মাঠে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পাহারাদারকে হাত-পা বেঁধে রেখে মো. মাহবুব হোসেন সরদার ও মোসাদ্দেক হোসেন সরদারের যৌথ মালিকানাধীন গভীর নলকূপের ১০ কেভি ক্ষমতার তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে। চোরেরা বৈদ্যুতিক খুঁটির মাথা থেকে ট্রান্সফরমার নামিয়ে ভেতরের মূল্যবান তামার তার খুলে নেয়। পরে ট্রান্সফরমারের খোলস ঘটনাস্থলে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
রোববার সকালে স্থানীয়রা গভীর নলকূপের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাহারাদারকে উদ্ধার করেন।
ডিপ টিউবওয়েলের মালিক মাহবুব হোসেন সরদার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শুধু আমাদের ডিপ টিউবওয়েল নয়, ইদানীং এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আমরা পল্লী বিদ্যুৎ সমিতি ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করব।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ক্ষেতলাল উপজেলায় প্রায় ৪০ থেকে ৫০টি ট্রান্সফরমার এবং ১৫টি বিদ্যুৎ মিটার চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এখন ট্রান্সফরমারের খোলস রেখে শুধু তামার তার নিয়ে যাচ্ছে, ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। এতে কৃষক ও গভীর নলকূপ মালিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় এনে ট্রান্সফরমার চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
এম জি