ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা উদ্বোধন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০২:৩২ পিএম

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর ভূমি ভবন থেকে সারা দেশে একযোগে এই ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশব্যাপী উদ্বোধনের পর একই দিন সকালে ফেনী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। উদ্বোধনের আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রোমেন শর্মা এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

জেএইচআর