গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবি দাস নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ঠিক আগে তিনি একটি চিরকুট ফেলে যান, যাতে লেখা ছিল ‘মিস ইউ অল, ক্ষমা করে দিও মা’। নিহত সুনীল রবি দাস ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি ঢাকার হাজারীবাগে বলে সাথে থাকা পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার গাজীপুর মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের পূবাইল মাঝুখান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য পথচারীদের সাথে রেললাইন ধরে হাঁটছিলেন সুনীল। এ সময় লাইন দিয়ে ট্রেন আসতে দেখে তিনি প্রথমে পাশে নেমে যান। তবে ট্রেনটি কাছাকাছি পৌঁছানো মাত্রই তিনি হাতের চিরকুটটি লাইনের পাশে ফেলে আচমকা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবগত করা হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
জেএইচআর