নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকার মৃত্যুর পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাসনিম নামের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। একই বিদ্যালয়ে শিক্ষিকা ও শিক্ষার্থীর এমন অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষিকা উম্মে কুলছুম বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সদরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় আহত হয়েছেন বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষিকা মমতাজ জাহান। অন্যদিকে মৃত শিক্ষার্থী তাসনিম ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলার চকগোপাল গ্রামের আবুল কালামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে মোবাইল ফোনে নিজ বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যুর খবর ও ভিডিও দেখে তাসনিম প্রচণ্ড মানসিক আঘাত পায়। সে পরিবারের সদস্যদের উদ্দেশে বলে, “ম্যাডাম আর নেই, এভাবে চলে যাবেন তা ভাবিনি।” এই কথা বলার পরপরই তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাকতালীয়ভাবে, তখন হাসপাতালের বারান্দায় ওই শিক্ষিকার মরদেহ রাখা ছিল।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম জানান, তাঁর মেয়ে ফেসবুকে প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর দেখে তাৎক্ষণিক সংজ্ঞাহীন হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা জানান সে আর বেঁচে নেই।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান নাহিদ জানান, আকস্মিক কোনো বড় আঘাত বা শক থেকে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ স্পষ্ট করে বলা যাচ্ছে না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষিকা এসএসসি পরীক্ষার খাতা সংগ্রহ করতে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের (বুঙ্গা) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই উম্মে কুলছুম নিহত হন এবং মমতাজ বেগম গুরুতর আহত হন। আহত শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে বদলগাছী ও পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর পাশাপাশি সেই খবর দেখে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর