রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ২০, ২০২৬, ০১:৩১ পিএম

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রজব আলী।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায়। নাতনির অসুস্থতার কারণে তিনি প্রায় ১৫ দিন আগে রাজশাহী এসেছিলেন। সকালে সাতক্ষীরায় ফেরার উদ্দেশ্যে বের হন তিনি।

ওসি আরও জানান, গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতাবশত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এএন