পোরশায় আম সংগ্রহ, বিপণন ও ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:৫৯ পিএম

নওগাঁর পোরশায় আম সংগ্রহ, বিপণন ও বাজারজাতকরণে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত এ সভাটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সভায় বক্তারা বলেন, আম সংগ্রহ ও বিপণনের ক্ষেত্রে ফলের গুণগত মান বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। আমচাষিরা যেন তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সেদিকে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হবে।

এ ছাড়া আম বিক্রির সময় ওজনে সরকারি নির্দেশনা ও সঠিক পরিমাপ অনুসরণ করা, বাজারে আসা আম ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং নোচনাহার আম বাজারে একটি স্থায়ী পুলিশ বক্স স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টুটুল, এলজিইডি প্রকৌশলী এএমএন সুলতানুল ইমাম, স্থানীয় বিজিবি কর্মকর্তা এবং আম ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জেএইচআর