মাগুরায় অনলাইন জুয়ার সাব-এজেন্ট গ্রেপ্তার: নগদ টাকা ও ডিজিটাল ডিভাইস জব্দ

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৮:০৪ পিএম

মাগুরায় অনলাইন জুয়া কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার কুচিয়াম মোড়া ইউনিয়নের চাপড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রিয়াজুল ইসলাম (২৮)। তিনি ওই এলাকার মো. আরোজ আলী বিশ্বাসের ছেলে। অভিযানকালে তাঁর কাছ থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, ব্যাংক কার্ড ও পেনড্রাইভ জব্দ করা হয়েছে।

মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল ইসলাম অনলাইন জুয়া সাইটের সাব-এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ লেনদেন ও জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।

অভিযানকালে তাঁর কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ২টি ব্যাংকের ভিসা কার্ড, নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা এবং একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকল আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাগুরা সদর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

জেএইচআর