পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৪:৫৩ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যথানিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ সঠিক উপায়ে প্রয়োগের লক্ষ্যে এক সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘ঈদুল আজহার পবিত্রতা রক্ষা করে কোরবানির পশু জবাই, মাংস সংরক্ষণ ও চামড়া পরিচর্যার সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। তা না হলে প্রতি বছরের ন্যায় এবারও স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির ঘটনা ঘটতে পারে। সঠিক নিয়ম অনুসরণ করলে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হবে।’

পরে উপজেলা মিলনায়তনে পেশাদার ও মৌসুমী কসাই এবং ইমামদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মাংস কাটাকাটি ও সংরক্ষণ, পশুর বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ায় লবণ প্রয়োগের সঠিক নিয়ম, সংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে-কলমে কিছু ব্যবহারিক দিকও দেখানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজিজ, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডি এম রাশেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

জেএইচআর