পাবনায় জামায়াত নেতার ওপর আওয়ামী লীগের হামলা, প্রতিবাদে থানায় বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ০১:২৫ এএম

পাবনার ভাঙ্গুড়ায় জামায়াত নেতা জিল্লুর রহমানের ওপর আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সকালে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে ‘বেহেশতের টিকিট’ নিয়ে কথাকাটাকাটির জেরে রাতে তার ওপর হামলা চালানো হয়।

আহত জিল্লুর রহমান দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য।

ঘটনার পর রাত ১০টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের নেতৃত্বে নেতাকর্মীরা ভাঙ্গুড়া থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এম জি