ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬১৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে মহেশপুর থানার সামন্তা গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন– মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মো. সবুজ হোসেন (৩৩) ও বেতবেড়ী গ্রামের মহাসিন আলী (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তল্লাশি করে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি বস্তা থেকে ৫৯৬ বোতল স্কাফ সিরাপ ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া এসব মাদক ঈদকে সামনে রেখে ঝিনাইদহ ও মাগুরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। অভিযানের সময় আটক ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে দুই র্যাব সদস্য আহত হন।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কারবার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদকে সামনে রেখে মাদক সিন্ডিকেট সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তবে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। উদ্ধার হওয়া মাদক ও আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ প্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় তরুণ সমাজের মধ্যে উদ্বেগ বাড়ছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জেএইচআর