সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৬:২৩ পিএম

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। নিহত র‍্যাব সদস্যের নাম ইমন আচার্য। তিনি র‍্যাব-৯ এ কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নগরীর তোপখানা এলাকায় এই ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, কোতোয়ালি থানা পুলিশের একটি দল মাদকাসক্ত কয়েকজন ছিনতাইকারীর পিছু নেয়। এ সময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য ইমন সামনে থেকে একজনকে ধরে ফেলেন। ঠিক তখনই ছিনতাইকারী তার বুক লক্ষ্য করে ছুরি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে একটি শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে পুলিশের কৌশলগত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।

এম জি