মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:৫০ এএম

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন ও নয়ন নামের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর এলাকার পিটিআই মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে জীবন (২২) এবং রায়পুর খন্দকার পাড়ার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)। তাঁরা সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে নিহতের পারিবার নিশ্চিত করেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাতে মেহেরপুর থেকে দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে জীবন ও নয়ন মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক (মুজিবনগর) থেকে দুটি ট্রাক পরপর আসছিল। মোটরসাইকেলটি নতুনগ্রাম ও বন্দরের মধ্যবর্তী ফাঁকা মাঠের কাছে পৌঁছালে, পেছনে থাকা একটি খালি ট্রাক সামনের ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় জীবন ও নয়ন আচমকা ভুল লেনে চলে যান এবং মোটরসাইকেলটি সরাসরি সামনে থাকা সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

ধাক্কাটি এতটাই মারাত্মক ছিল যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নয়নকেও মৃত ঘোষণা করেন।

ভয়াবহ এই দুর্ঘটনার পর মেহেরপুর-মুজিবনগর সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন এবং তাঁদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরবর্তীতে কোনো লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর