চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে বাড়িওয়ালার লাথিতে এক ভাড়াটিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেম (৫৫) পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।
শুক্রবার রাতে উপজেলার দোভাষী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ভাড়া দেওয়া-নেওয়া নিয়ে আবুল কাশেমের সঙ্গে বাড়ির মালিক সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আবুল কাশেমকে লক্ষ্য করে সজোরে লাথি মারেন। লাথির আঘাতে কাশেম তাৎক্ষণিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়িওয়ালা সুমন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।
জেএইচআর