যারা বর্তমানে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তারা মূলত গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে বিতাড়িত শক্তির সঙ্গে তলে তলে লিয়াজোঁ বা আঁতাত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশে কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আইনের চোখে সবাই সমান এবং অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে।
তিনি আরও বলেন, যারা সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত করে রাস্তাঘাট বন্ধ করছে এবং অগ্নিসংযোগের মতো নাশকতা ছড়াচ্ছে, তারা আসলে দেশের প্রচলিত আইনের শাসনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত। দেশের সঠিক বিচারপ্রক্রিয়া এবং জনগণের কল্যাণমুখী কর্মকাণ্ডে যারা প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সদা সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান সরকারপ্রধান।
সুধী সমাবেশে তৃণমূলের শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী জুলাই মাস থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে স্কুল ড্রেস এবং ব্যাগ বিতরণ করা হবে।
এর আগে, প্রধানমন্ত্রী ত্রিশালে পৌঁছানোর পর নিজে মাটি কেটে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। তাঁর এই সফর ও বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এএন