ঈদের আগে মেহেন্দিগঞ্জে চোরাই গরুর বড় চালান জব্দ

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০২:৪৯ পিএম

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চরে কম্বিং অপারেশন চালিয়ে বাছুরসহ ২৬টি চোরাই গরু জব্দ করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বেড়েছে গরু চুরি, আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন খামারিরা। ঈদ যত ঘনিয়ে আসছে, মেহেন্দিগঞ্জে গরু চুরির ঘটনাও তত বাড়ছে। চুরি আতঙ্কে উপজেলার বিভিন্ন গ্রামে খামারি ও কৃষকরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। তবুও থামছে না চোরের হানা।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ পরিদর্শক মতিউর রহমান বলেন, “দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া গরুগুলো কোরবানির বাজারে চড়া দামে বিক্রির জন্য দড়িচর খাজুরিয়া এলাকায় এনে মজুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করি।”

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়ির গোয়ালঘরে এখনও ৫০টির বেশি চোরাই গরু লুকিয়ে রাখা হয়েছে।

এএন