আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা জোরদারে বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গরুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে র্যাব-১১।
রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের নাসিক ১০নং ওয়ার্ডের ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠে ২নং ঢাকেশ্বরী এলাকায় এ বিষয়ে একটি নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন র্যাব-১১ এর সিপিসি-১ নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে।
ব্রিফিংয়ে র্যাব-১১ এর পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, “র্যাব ফোর্সেস বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় তৎপর রয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট, মানুষের চলাচল এবং পশু বিক্রিকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমাদের টহল টিম নজরদারি করছে।”
তিনি আরও বলেন, “মহাসড়ক, নৌপথ এবং শহরের বিভিন্ন অলিগলিতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া মাত্রই র্যাব দ্রুত ব্যবস্থা নেবে।”
পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাব-১১ এর বিশেষ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
এএন