কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একটি মসজিদের ইমামের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি এলাকায় ঘটনাটি প্রকাশ পায়। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটককৃত মসজিদের ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (৩২) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খলিশাপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। তিনি স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসা থেকে হাফিজি পড়াশোনা শেষ করেন। গত এক মাস যাবৎ তিনি উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে আসছিলেন।
জানা যায়, ১২ দিন আগে দুপুরে শিশুটি মসজিদে হুজুরের জন্য খাবার নিয়ে গেলে তার সঙ্গে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং পরে গ্রেপ্তার দেখায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বর্তমানে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন