নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৫:২৪ পিএম

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক এবং নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী এবং নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম (মুকুল)।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব এবং বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কহিনুর মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. নূর হোসেন মিয়া, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু শম্ভু নাথ সাহা এবং নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস।

এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ও ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরশেদ আলীসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

পরে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। এর মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

এম জি