গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৮:০৭ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তাঁর স্ত্রী মনিরা বেগম এবং শিশু কন্যা জান্নাত আক্তার।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তীব্র যানজটের কারণে তিনি বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখেন। এ সময় পেছন থেকে ‘তাজ আনন্দ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। তবে চালক ও সহকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় মহাসড়কের যানজট নিরসন এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জেএইচআর