পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (ঈদ উপহার) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেখানে ইউনিয়নের ১৪০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের হাতে এই নগদ অর্থ তুলে দেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ কুসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেহেলগাজী ইউনিয়ন ছাড়াও একই দিন সদর উপজেলার বাকি অন্যান্য ইউনিয়ন পরিষদেও সমান্তরালভাবে এই অর্থ বিতরণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। পৃথক এসব অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর