ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২৬, ১০:৩০ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বুধবার ভোরে পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ও বেজগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোররাত সাড়ে ৩টার দিকে কামারখোলা ব্রিজে ওঠার ঢালে, মাওয়ামুখী লেনে। শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে পিরোজপুরগামী একটি পিকআপভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় পিকআপের পেছনে শিশুসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

ঠিক তখনই মিরপুর থেকে বরগুনাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের পেছনে থাকা কয়েকজন এবং বাসের সামনের অংশের যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে পিরোজপুর জেলার যাত্রী সুমন মৃধা (২৪) ও চালক ফুরকান ইসলাম (৪৫) রয়েছেন।

এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৬টার দিকে একই এক্সপ্রেসওয়ের বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে মাওয়ামুখী লেনে ঘটে আরেকটি দুর্ঘটনা। সেখানে পৃথক দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে আরও চারজন আরোহী আহত হন।

এই দুর্ঘটনায় আহতরা হলেন- পাবনা সদরের কাইয়ুম (২৫), কুষ্টিয়ার কুমারখালীর সুজন (২৮), হৃদয় ভূঁইয়া (১৮) ও বাইজিদ শেখ (১৩)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, কামারখোলা ব্রিজের দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

অন্যদিকে, সকালে বেজগাঁও এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চারজনকেও উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলোর কারণে এক্সপ্রেসওয়েতে সাময়িক বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এএন