জামিনে মুক্তির পর আ.লীগের সাবেক এমপির মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৯:৪৯ পিএম

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম (৭৭) জামিনে কারাগার থেকে মুক্তির পর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী কামরুজ্জামান শামীম।

এর আগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রায় দেড় বছর কারাভোগ শেষে গত ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর থেকেই তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৮৬ সালে সিপিবির প্রার্থী হিসেবে ‘চাবি’ প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়ে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ঠাকুরগাঁও-২ আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের সংসদ নির্বাচনে দলটি তার পরিবর্তে ছেলে মাজাহারুল ইসলাম সুজনকে মনোনয়ন দেয় এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তবে একই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দবিরুল ইসলাম গ্রেফতার হন এবং পরে অসুস্থতার কারণে জামিনে মুক্তি পান।

এএন