বরিশালে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০১:৪৯ পিএম

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পরিবহনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে যাত্রীবাহী লাবিবা গ্রুপের আহনাত পরিবহনের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানিয়েছেন, ঢাকাগামী লাবিবা গ্রুপের যাত্রীবাহী আহনাত পরিবহনের সঙ্গে উজিরপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত মোটরসাইকেল চালক শাহ আলম ও আরোহী স্বাধীন কাওসারকে (২০) উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

এ সময় হাসপাতালের চিকিৎসকেরা শাহ আলমকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত পরিবহন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন