কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী ডুলাহাজারা সাফারি পার্কসহ সফরসংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
জানা গেছে, আগামী ১৪ জুন ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতির অগ্রগতি দেখতে সিনিয়র সচিব বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন। পরে তিনি পেকুয়ায় গিয়ে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।
পেকুয়ায় তিনি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কক্সবাজারে রাত্রিযাপন করার কথা রয়েছে। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের পর তাঁর ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে।
এদিকে সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়াজুড়ে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের প্রেস সেক্রেটারি মো. ছফওয়ানুল করিম জানান, সফর প্রস্তুতির অংশ হিসেবে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বিভিন্ন কর্মসূচি এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এম জি