ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৭:০৯ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজার ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার রাউৎবাড়ী-জিগাতলা ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থান এলাকার সামনে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসী, ছাত্র-জনতা, যুবসমাজ ও মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো ধর্ষণকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

তারা আরও বলেন, দেশে নারীদের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। শিশু থেকে শুরু করে প্রতিবন্ধী নারীরাও নিরাপদ নয়। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজাকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখা হয়। পরদিন সকালে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

এম জি