এমপি খোকন তালুকদার

পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও সুযোগ করে দিয়েছে সরকার 

মো. মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:০৭ এএম

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সারা বাংলাদেশের ছাত্রছাত্রী ও কোমলমতি শিশুদের আবার মাঠে ফিরিয়ে এনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন।

শুক্রবার বিকেলে ডাসার ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ডি.কে. আইডিয়াল আতাহার আলী একাডেমি স্কুল মাঠে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন, আমাদের সন্তানরা ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে। ফুটবলে যেন বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে খেলোয়াড়দের মধ্যে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফাইনাল খেলায় ডাসার সবুজ সংঘ ও আরিফ স্মৃতি সংঘ অংশগ্রহণ করে। খেলায় ডাসার সবুজ সংঘ ৪-৩ গোলে বিজয়ী হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু এবং ডাসার উপজেলা বিএনপি নেতা সরোয়ার তালুকদার।

সার্বিক সহযোগিতায় ছিলেন মহিউদ্দিন তালুকদার ইরান, আমির হোসেন, রুবেল মাতুব্বরসহ বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এএন