অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বনশ্রী পরিবহনকে জরিমানা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:৩৪ এএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ডে ঢাকা-গামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বনশ্রী পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ৮ হাজার ৪০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধাপেরহাট ভূমি অফিস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-গামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে বনশ্রী পরিবহনের একটি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা মোট ৮ হাজার ৪০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। এতে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন উপস্থিত যাত্রীদের উদ্দেশে বলেন, “ধাপেরহাট থেকে ঢাকাগামী বাসের ভাড়া ৮০০ টাকার বেশি নয়। এর অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ অবৈধ। কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া দাবি করলে যাত্রীরা যেন তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন।”

তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার্থে অভিযোগ গ্রহণের জন্য নিজের মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি সতর্ক করেন।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রায়ই শোনা যায়। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ যাত্রীদের স্বস্তি দিয়েছে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে তারা মনে করেন।

এএন