তালতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বেলাল হোসেন মিলন, বরগুনা প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:২৫ পিএম
প্রতীকী ছবি

বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে পঁচাকোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. অলিউল্লাহ (১৭)। তিনি তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মো. লোকমান হাকিমের ছেলে।

তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি জানান, অলিউল্লাহ পেশায় একজন মৎস্যচাষী ছিলেন। প্রতিদিনের ন্যায় আজ সকালে তিনি ও তার বাবা পায়রা নদীতে মাছ শিকার করতে যান।

এ সময় নৌকার দুই ধারে অলিউল্লাহ ও তার বাবা লোকমান হাকিম বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে অলিউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বরগুনার তালতলী থানার (ওসি) তদন্ত মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এএন