সাঘাটায় বালু উত্তোলনের সময় বাল্কহেড শ্রমিক আটক

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা) প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:২৯ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া ও গোবিন্দপুর এলাকায় যমুনা নদী থেকে বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক শ্রমিককে আটক করেছে সাঘাটা থানা পুলিশ।

রোববার সকালে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কিছু সরঞ্জাম জব্দ করা হয় এবং রানা মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটক রানা মিয়া কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার মোবাইডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে।

পুলিশ জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তাকে গাইবান্ধা আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তিনি গত ৮ এপ্রিল সাঘাটা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মজিবর রহমানের দায়ের করা অজ্ঞাতনামা মামলার সন্দেহভাজন আসামি বলেও জানা গেছে।

এএন