নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ জুন) রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিনটি এয়ারটাইট প্যাকেটে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে উপজেলার হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামে পৃথক আরেকটি অভিযানে ২৫৫ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ ওই এলাকার একটি মনিহারি দোকানে অভিযান চালিয়ে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এম জি