ওসমান হাদি হত্যা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রকৃত তথ্য প্রকাশের দাবি পরিবারের

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১০:৪৩ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তাঁর বোন মাসুমা হাদি। প্রয়োজনে এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মাসুমা হাদি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব।

সংবাদ সম্মেলনে মাসুমা হাদি বলেন, ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনোভাবেই ঘরে ফিরবেন না। আইনের ফাঁকফোকর ব্যবহার করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হলে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে বিচার আদায় করা হবে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে মাসুমা হাদি বলেন, “আমার পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতি দ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিন।”

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশত্যাগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করেন মাসুমা হাদি। প্রশ্ন রেখে তিনি জানান, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে কীভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল, তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ ঘটনায় রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ওসমান হাদি হত্যা মামলার তদন্ত ও অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সময় বারবার পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলা হয়। হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থদাতা এবং খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে তা জাতির সামনে প্রকাশ করার দাবি জানান মাসুমা হাদি।

সংবাদ সম্মেলনে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএন